অবৈধ ভিওআইপি-তে জিরো টলারেন্স ঘোষণা

২৪ মার্চ, ২০২৪ ১৬:০১  

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট ( ভিওআইপি) কার্যক্রম বন্ধে বিটিআরসির উদ্যোগে এনটিএমসি এর সহযোগিতায় অভিযান চলছে। অভিযানে কোন মোবাইল অপারেটর কিংবা তাদের পরিবেশকরাও যদি এ অপরাধের সাথে যোগসাজস করে থাকে তবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবিবার গাজীপুর জেলার টংগীতে জব্দকৃত ভিওআইপ কাজে ব্যবহৃত সাড়ে এগার হাজার অবৈধ সিমসহ বিপুল যন্ত্রপাতি পরিদর্শনকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে সরকার বদ্ধপরিকর। অপারেটররা পরিবেশকদের মাধ্যমে যদি সিম বিক্রির ক্ষেত্রে সংযত না হয় তবে এর দায়ভার তাদেরকেই বহন করতে হবে।

এসময় বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ, এনটিএমসি এর মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র‌্যাব -১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এনটিএমসি এর সহযোগিতায় র্যাব -১ গতকাল ২৩ মার্চ টংগীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করে এবং জড়িতদের আটক করে। জব্দকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১৫০০টি সিম, কম্পিউটার ৩টি , ল্যাপটপ ২টি,মিনি পিসি ১টি, মডেম ৭টি ,রাউটার ১৫টি এবং ৫টি নেটওয়ার্ক হাব।